ভালুকায় পুনর্বাসিত ব্যবসায়ীদের সাথে ইউএনও’র মতবিনিময়
মোঃ আক্কাছ আলী,ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি: ভালুকায় সড়ক ও জনপদের জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
উচ্ছেদকৃত ফল ও বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের যাতে ক্ষতি না হয় তাদের পুনর্বাসন করেন তিনি।
গতকাল সোমবার (২জুন) সন্ধায় উচ্ছেদকৃত পুনর্বাসিত ব্যবসায়ীদের মাঝে সমন্বয় এবং সুশৃঙ্খল ভাবে ব্যবসা পরিচালনার লক্ষ্যে মত বিনিময় করা হয়।
পরে তিনি(ইউএনও) পৌরসভার উদ্যোগে নির্মিত পৌর ফল মার্কেটে ৩৭টি দোকানে নাম্বারিং করে নির্দিষ্ট স্থানে বসার নির্দেশ প্রদান করেন এবং বরাদ্দকৃত দোকান গুলো ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “জনস্বার্থে ফুটপাত ও অবৈধ স্থানে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হলেও ব্যবসায়ীদের জীবিকা যাতে ব্যাহত না হয়, সেজন্যই এই পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাইকে নির্ধারিত স্থানে বসে শৃঙ্খলা বজায় রেখে ব্যবসা পরিচালনা করার আহবান জানান।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, “পৌর মার্কেটটি সবার, তাই এর রক্ষণাবেক্ষণ, পরিষ্কার -পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার দায়িত্বও সবার। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হবে।”
উপস্থিত ব্যবসায়ী গণ ইউএনও’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন ভাবে ব্যবসা শুরুর সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































